জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। তাই আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন বদলে গেছে এবং আগের তুলনায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না; প্রতিটি গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছ সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। “নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে, বাইরের কেউ এসে তা করে দেবে না”—বলেন তিনি।
এর আগে একদিনের সরকারি সফরে সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের অংশ হিসেবে তিনি গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের পাড়, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।