ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল রোববার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, দেশের নতুন প্রজন্মের উদ্ভাবনী ও সৃজনশীল মেধার বিকাশে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিজয়ী প্রকল্প, পড়াশোনা, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগে আরও এগিয়ে যেতে তাদের উৎসাহিত করেন।
এ সময় স্বর্ণপদকজয়ী তিন শিক্ষার্থী—হোমনা আদর্শ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া প্রতিনিধিদলের অন্য সদস্য নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম ও মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেওয়া হয়।
প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য ‘এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে’ তারা অংশ নেবে। প্রধানমন্ত্রী তাদের সাফল্য কামনা করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
একই সঙ্গে বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহের কথাও প্রতিনিধিদল জানালে প্রধানমন্ত্রী এ উদ্যোগেও সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, মেধাবী তরুণদের হাত ধরেই প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন রাজু, কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন।