শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একসময় সরকারি কর্মকর্তারা খিচুড়ি রান্না শেখা বা কচুরিপানা পরিষ্কার করার মতো বিষয় দেখতে বিদেশ সফরে যেতেন, তবে সেই সময় এখন আর নেই।
শনিবার (১১ জুলাই) সকালে সাভারের নলাম এলাকায় গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা তাদের শিক্ষা সম্পন্ন করতে পারে এবং সেশনজট না থাকে। তিনি জানান, নতুন কারিকুলামে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক, পারিবারিক ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকেই এসব বিষয় ধাপে ধাপে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পাঠ্যপুস্তক পরিমার্জন এবং কারিকুলাম সংস্কারের কাজ চলছে।
শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাড়ানো হচ্ছে এবং নতুন মডেলে সেগুলো পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা প্রসঙ্গে তিনি জানান, আগামী রোববার ফল প্রকাশ করা হবে। এবার সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ কর্মসূচির আওতায় এসেছে।
ভর্তি পরীক্ষার ফল আগেভাগে প্রকাশের ঘটনায় তিনি বলেন, এটি একজন অপারেটরের অনিয়মের কারণে ঘটেছে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা বরদাশত করা হবে না।