ইরানের হামলায় নিজের মৃত্যু হলে তেহরানের ওপর নজিরবিহীন সামরিক অভিযান চালানোর নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের ওপর এমন মাত্রায় হামলা চালানো হবে, যা দেশটি আগে কখনো দেখেনি।
ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তিনি এ মন্তব্য করেন। তবে এ অভিযোগের বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরান বহু বছর ধরে তাকে হত্যার চেষ্টা করছে এবং তিনি দীর্ঘদিন ধরে দেশটির লক্ষ্যবস্তুতে রয়েছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তাকে হত্যার আহ্বানসংবলিত ব্যানার প্রদর্শনের বিষয়টিও উল্লেখ করেন।
এদিকে, সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা করছে—এমন তথ্য ইসরায়েলি গোয়েন্দাদের কাছে রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের ওপর সম্ভাব্য হুমকি নিয়ে ওয়াশিংটন আগেও গোয়েন্দা তথ্য পেয়েছে। তবে ইসরায়েলের কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্যকে নতুন ও গুরুতর হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল উত্তেজনা ও যুদ্ধবিরতি পরিস্থিতির অনিশ্চয়তার মধ্যে এ ধরনের তথ্য দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বাড়াতে পারে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?