জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি) বলেছেন, পরিবর্তনের প্রত্যাশায় দেশের মানুষ জীবন ও রক্ত দিয়েছে। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য কোনো দলকে লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য ছাত্র-জনতা আন্দোলন করেনি।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, অতীতে একটি দলের শাসনামলে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারত না। কথা বললেই গ্রেপ্তার, গুম ও নানা ধরনের হয়রানির শিকার হতে হতো। এখন আবার দেশকে একদলীয় শাসনের দিকে নেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, সংসদে ও সংসদের বাইরে তাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ সংকুচিত করা হচ্ছে। হামলা, ভয়ভীতি ও রাজনৈতিক চাপের মাধ্যমে বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করারও অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগ ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নিরপরাধ ব্যক্তি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি, লুটপাট ও হামলা বন্ধ করতে হবে।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও গত চার মাসে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। এবারের বাজেটেও কর্মসংস্থান তৈরির বিষয়ে সুস্পষ্ট কোনো রূপরেখা নেই বলে তিনি মন্তব্য করেন।
বক্তব্যে তিনি জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব, লোডশেডিং, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের দাম, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্ত হত্যা এবং ভারতের পুশইন ইস্যুতে সরকারের সমালোচনা করেন।
একই সঙ্গে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দলীয় আনুগত্য পরিহার করে পেশাগত নিরপেক্ষতা ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, আগের রাতে সাভারে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে ককটেল হামলার মাধ্যমে কর্মসূচি বানচালের চেষ্টা করা হয়েছে। সখীপুরের পদযাত্রায় স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পুশইন-সংক্রান্ত বক্তব্য ও কার্যক্রমকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।
এ সময় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হায়দারসহ সখীপুর উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।