মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে বাস কিংবা ট্রেনের মধ্যে কৌশলে চুরি ও ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছিলেন তারা। অবশেষে পুলিশী অভিযানে আটক করা হলো নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত এমন ১১ নারী।
সোমবার (৬ জুলাই) সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকার একটি বাসা বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন, বাহ্মনবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী সুফিয়া খাতুন, নিজাম উদ্দিনের স্ত্রী খোদেজা আক্তার দিলারা, আলমগীর হোসেনের মেয়ে হামিদা আক্তার মিনা ,
আনিছের মেয়ে পারভীন, মৃত সাহাব উদ্দিনের মেয়ে বৃষ্টি, হারুন মিয়ার মেয়ে রোজিনা আক্তার সায়দা, আরজু মিয়ার মেয়ে বিউটি খাতুন, ওস্তার মিয়ার মেয়ে শেফা আক্তার, হেলাল উদ্দিনের মেয়ে তামান্না , দুলালের মেয়ে জুমা, ফরিদ হোসেনের মেয়ে সুবিনা আক্তার লাকী।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী।
ওসি আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া বাজারের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১১ জন নারীকে গ্রেপ্তার করা হয়। তারা প্রত্যেকেই ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি স্বল্প সময়ের জন্য কারো বাসা ভাড়া নেয়। তারপর কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে বাস, কিংবা ট্রেনে উঠে কাউকে টার্গেট করে। এরপর কৌশলে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে।
এদের অনেকের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চুরিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।