মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে এইচএসসি পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে এক পরীক্ষার্থীকে চলতি বছরের অবশিষ্ট সব পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় শহরের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থী মো. কাউছার আহমেদ মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি মুন্সিগঞ্জ কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।
জানা যায়, পরীক্ষা চলাকালে দায়িত্বরত কক্ষ পরিদর্শক ও কেন্দ্র কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন দেখতে পান। পরে বিষয়টি পরীক্ষা বিধিমালা অনুযায়ী যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর ফলে তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ে অংশগ্রহণের সুযোগ হারান।
মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করা পরীক্ষা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে মো. কাউছার আহমেদকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বাকি সব বিষয় থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে তিনি এ বছর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিধিমালা ভঙ্গের ঘটনায় ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।