মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনৈতিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ধারাবাহিকভাবে কাজের সুযোগ পেলে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।
সোমবার (৬ জুলাই) সকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলা হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখা আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পাঁচ বছরের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক ব্যবস্থাকে আরও কার্যকর ও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চান। তিনি বলেন, ‘আমি বলছি না পাঁচ বছরেই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হয়ে যাবে। তবে আরও কিছু সময় পেলে তিনি দেশকে সত্যিকার অর্থেই উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবেন।’
সরকারের সাশ্রয়ী ব্যয়ের নীতির প্রসঙ্গ তুলে আহমেদ আযম খান বলেন, ‘প্রধানমন্ত্রী দুপুরে ১০০ টাকার খাবার খান, আমরাও ১০০ টাকার মধ্যেই দুপুরের খাবার খাই।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল পৌনে ৯টার মধ্যে অফিসে আসেন এবং মন্ত্রীরাও একই নিয়ম অনুসরণ করছেন, যা প্রশাসনে ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন।
প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে। জাতির ভবিষ্যৎ গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক বেগম নার্গিস সিদ্দিকা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সখীপুর উপজেলা শাখার সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটুসহ স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা।