তিনি বলেন, জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নে ‘বাংলাদেশ নীতি’কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যার মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী হয়ে উঠবে।
রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তরে অঙ্গীকারবদ্ধ। জাতীয় নিরাপত্তা কৌশলে ‘বাংলাদেশ নীতি’কে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত ও কার্যকর হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে পেশাদারিত্ব ও দক্ষতার জন্য সুপরিচিত। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টও সেই গৌরবময় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
রাষ্ট্রপতি বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি বর্তমান বিশ্বে সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এবং অন্যান্য উদীয়মান নিরাপত্তা হুমকি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এসব মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সময়োপযোগী ও কার্যকর কৌশল গ্রহণের কোনো বিকল্প নেই।