দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ভবানীপুর এলাকায় একটি নালা থেকে ৬০ মিলিমিটারের জ্যান্ত ও অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা পৌনে ১২টার দিকে ৩১ বিজিবির আওতাধীন ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫৫/১০-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের কয়েকজন শিশু একটি নালায় মাছ ধরতে যায়। এ সময় তারা কাদার মধ্যে ভারী লোহার মতো একটি বস্তু দেখতে পায়।
পরে স্থানীয় বাসিন্দা মো. ছদর উদ্দিনের ছেলে মো. আমজাদ আলী (৩০) বিষয়টি জানতে পেরে অত্যন্ত সতর্কতার সঙ্গে বস্তুটি নালা থেকে তুলে বাড়ির পাশের একটি নিরাপদ স্থানে রাখেন এবং তাৎক্ষণিকভাবে ভবানীপুর বিওপি কর্তৃপক্ষকে খবর দেন।
সংবাদ পেয়ে ভবানীপুর বিওপি কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা করে এটিকে ৬০ মিলিমিটারের জ্যান্ত ও অবিস্ফোরিত মর্টার শেল হিসেবে শনাক্ত করে।
জননিরাপত্তার স্বার্থে বিজিবি তাৎক্ষণিকভাবে মর্টার শেলটির চারপাশে বালির বস্তা দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে এবং ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে ৩১ বিজিবির অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, উদ্ধার হওয়া মর্টার শেলটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দলের সঙ্গে সমন্বয় করে নিরাপদ উপায়ে এটি নিষ্ক্রিয় বা ধ্বংস করার প্রক্রিয়া চলছে। দলটি ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় জনগণকে আতঙ্কিত না হয়ে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে