দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদ্রাসায় মোট ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ বছরের কর্মসূচিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে। পাশাপাশি জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে একযোগে অংশ নেবে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা। প্রথমে সকাল ১০টায় অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান দেশের প্রতিটি অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। এতে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সুযোগও পাবেন।
এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু বিষয়ক ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালির আয়োজনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
একই অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের প্রদর্শনী পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কারও তুলে দেবেন।
অনুষ্ঠানকে সফল করতে রোববার বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রস্তুতি পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।