রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্বজনদের দাবি, চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় লিকেজ দেখা দিলেও হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়নি। এর ফলে ফারিশ নামে চার মাস বয়সী শিশুটির মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তব্যরত চিকিৎসকের দাবি, অক্সিজেন লিকেজের সঙ্গে শিশুটির মৃত্যুর কোনো সম্পর্ক নেই। তিনি জানান, শিশুটি আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।
ঘটনার পর হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে সেখানে ভর্তি থাকা অন্যান্য রোগীদের দ্রুত বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন শিশুটির স্বজনরা।