বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম সাধারণ নির্বাচনে সভাপতি পদে ড. মো. মহিবুল আহসান এবং সাধারণ সম্পাদক পদে মো. গোলাম দস্তগীর নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ইউজিসি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার ও ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক মোছা. জেসমিন পারভীন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত সভাপতি ড. মহিবুল আহসান ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক এবং সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নবনির্বাচিত ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি মুহাম্মদ মাসুদ হোসেন ও মোহাম্মদ ইউসুফ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. ইকরামুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম এবং সদস্য মোহাম্মাদ আব্দুস সালাম, রায়হান মিয়া ও মোহাম্মদ নুর ইসলাম চৌধুরী।
প্রধান নির্বাচন কমিশনার জেসমিন পারভীন বলেন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদারের আহ্বান জানান।
নবনির্বাচিত সভাপতি মহিবুল আহসান বলেন, তিনি ইউজিসির সব কর্মকর্তার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করবেন। একই সঙ্গে বিভেদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা এবং যোগ্যতা ও কর্মদক্ষতার যথাযথ মূল্যায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।