সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” প্রতিপাদ্যে টাঙ্গাইলের সখীপুরে গ্রাম আদালত বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ জুন) উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং প্রচলিত আদালতের ওপর মামলার চাপ কমানো সম্ভব।
তাই গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সখীপুর উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী শাহরেজা আমিনের সঞ্চালনায় কর্মশালায় উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার খান মনিরুস সালেহীন রুমনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।