চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজ এলাকায় অবস্থানরত একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হলে দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে নৌবাহিনী, কোস্ট গার্ড এবং বন্দর কর্তৃপক্ষ।
আগুন লাগার খবর পাওয়ার পরপরই চট্টগ্রাম বন্দরের টাগবোট কান্ডারী-৩ ও কান্ডারী-১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগ বিএনটি সেবক এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট প্রমত্ত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে সম্মিলিত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, জাহাজটি গত ২৬ মে ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন নিয়ে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজে এসে নোঙর করেছিল। আগুন লাগার পর জাহাজের ভেতরে থাকা পণ্য ও কারিগরি অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী এবং জাহাজটির স্থানীয় এজেন্ট ইউএসএল যৌথভাবে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে জাহাজটিকে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সমুদ্রবন্দর এলাকায় এমন দুর্ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আশপাশে থাকা অন্যান্য জাহাজ ও নৌযানও হুমকির মুখে পড়তে পারে। এ কারণে শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতা নিয়ে অভিযান পরিচালনা করা হয়।