নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের গ্র্যান্ড হল রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন খোরশেদ আলম অপু, মেহেদী ও সোহেল। তাদের মধ্যে খোরশেদ আলম অপু চাঁদপুর জেলার মতলব থানার ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া মেহেদী একই শাখার পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুসারী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যাকাণ্ডের ঘটনায় দুটি এজাহারভুক্ত মামলা রয়েছে বলেও জানা গেছে।
শুক্রবার দুপুরে ইসলামী ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে চাষাঢ়ার একটি রেস্টুরেন্টে আওয়ামী লীগের গোপন বৈঠকের খবর ছড়িয়ে দেন। পরে পুলিশ গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান চালায়।
এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান দাবি করেন, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপনে বৈঠকের চেষ্টা করেছিলেন। যুবলীগের একটি কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে তারা সেখানে জড়ো হয়েছিলেন। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার পর তারা স্থান পরিবর্তন করে ওই রেস্টুরেন্টে অবস্থান নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”