আমজাদ শিবলু , সেনবাগ উপজেলা প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ কুমিল্লার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি তিনটি মাদক মামলার আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার ( ১৯মে ) রাতে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সেনবাগ থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত টুটুল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বড় কাচি (বাগান বাড়ি) গ্রামের মৃত আনু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টুটুলের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার গণমাধ্যম কর্মীদের জানান, গ্রেফতারকৃত টুটুলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। তাকে ওই মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।