মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর) প্রতিনিধি;
”জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও সেমিনারের মধ্য দিয়ে শুরু হয়েছে ভূমি সেবা মেলা-২০২৬।
এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।
১৯ মে (মঙ্গলবার) সকালে সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় র্যালিতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ র্যালিটিকে সর্বস্তরের মানুষের মাঝে আকর্ষণীয় করে তোলে।
পরে উপজেলা হল রুমে জনসচেতনতানূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিশনার (ভূমি) চেনমং রাখাইন এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য প্রদান করেন, উপজেলা মৎস্য অফিসার ফয়েজুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা কামরুন নাহার মর্জিনা প্রমুখ।
চেনমং রাখাইন বলেন, আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন। মেলা চলাকালীন নাগরিকেরা ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন। ভূমি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন যৌথ আয়োজনে এই মেলা আগামী ৩দিন ব্যাপী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।