জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও আধুনিক হয়েছে। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদান নিশ্চিত করতে সরকার কাজ করছে। ভূমি সেবা মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন ধরনের ভূমি সেবা সম্পর্কে জানতে পারবে এবং তাৎক্ষণিকভাবে অনেক সেবা গ্রহণ করতে পারবে।
মেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বিভিন্ন স্টলে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন আবেদনসহ ভূমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও আগত সেবাগ্রহীতাদের ভূমি বিষয়ক বিভিন্ন পরামর্শ ও তথ্য সহায়তা দেওয়া হচ্ছে।