জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা গেলে সীমান্ত হত্যা বন্ধ হবে।
মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ভারত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সীমান্ত পরিস্থিতিতে হস্তক্ষেপ করছে। তিনি বলেন, “ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ডিস্টার্ব করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে পারলেই সীমান্ত হত্যা বন্ধ হবে।”
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি দাবি করেন, সেখানকার সরকার বাংলাদেশিদের নিচু চোখে দেখে এবং মুসলমানদের ওপর নির্যাতনের মনোভাব পোষণ করে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভারতের পরিকল্পিত মাদক প্রবাহ বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করছে।
তিনি আরও বলেন, সীমান্তের মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। রাজনৈতিক বিভেদ ভুলে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এনসিপি নেতা বলেন, শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ ছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সম্ভব নয়। এসময় দলের উত্তরাঞ্চলীয় সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।