আমজাদ শিবলু , সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে শিশুকে সঙ্গে নিয়ে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাবের যৌথ টিম। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবা তৈরির পাউডার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৭ মে) রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকার মাইশা স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।
আটকরা হলেন বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা গ্রামের আব্দুল হামিদ (৩২) ও তার স্ত্রী বেবি আক্তার (২৩)। ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, সিপিসি-১ ফেনী এবং নোয়াখালী ডিএনসির সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এ সময় ফুটপাতে শিশুসহ অবস্থান করা দম্পতিকে সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়।
পরে ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবা তৈরির পাউডার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি স্বীকার করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ এড়াতে তারা শিশুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবার চালান আনতেন। এর আগেও সেনবাগ এলাকায় একাধিকবার মাদক সরবরাহ করেছেন বলেও জানান তারা।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।