জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংস্কার ইস্যুতে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সংবিধানকে কঠোরভাবে অনুসরণ করা হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেদিন কারাগার থেকে মুক্তি পেতেন না।
মঙ্গলবার (৩১ মার্চ) সংসদের অধিবেশনে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলেই রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার মুক্তি সম্ভব হয়েছিল। তার মতে, সংবিধানকে ‘বাইবেল’ বা ‘গসপেল’ হিসেবে ধরে নিলে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যেত না।
তিনি আরও অভিযোগ করেন, সংসদের কিছু সদস্য সংবিধানের নির্দিষ্ট অংশ নিজেদের সুবিধামতো মেনে চলছেন, আবার কিছু অংশ উপেক্ষা করছেন। এ ধরনের আচরণকে তিনি ‘অপরচুনিস্ট’ বলে আখ্যা দেন।
বক্তব্যে তিনি আন্দালিক রহমান পার্থ-এর মন্তব্যেরও সমালোচনা করেন। তার দাবি, সংবিধান পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়াকে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে তুলনা করা ঠিক হয়নি।
হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই সংবিধান নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের ইচ্ছা ও বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি।